যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) বিকেলে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়, মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরের পাশে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল দেখতে পেয়ে সন্দেহজনক মনে হলে তারা দ্রুত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান।
গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান তার ফোর্স নিয়ে কবরস্থানের আশপাশের এলাকা থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বিস্ফোরকগুলো কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরটিভি/একে




