সুনামগঞ্জ দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৫৯ পিএম


সুনামগঞ্জ দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ছবি : আরটিভি

সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি ও পাশের সুরমা নদী থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিন নৌকা, ভারতীয় এসব শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক জব্দ করা হয়। 

বিজিবি জানিয়েছে, অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস ও বিভিন্ন ধরনের ১৯৫ পিস কসমেটিক জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। 

বিজ্ঞাপন

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারিরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, মঈনপুর গ্রাম থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission