দোকানের ভেতর চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:০২ পিএম


দোকানের ভেতর চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ
দোকানের ভেতর চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ।

মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাটবাজার থেকে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার
করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি জাকির হাওলাদার (৪০)। তিনি পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর (৭
নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা ও মৃত রফিজুদ্দিন হাওলাদারের ছোট ছেলে। তিনি সমিতির হাট
বাজারে দীর্ঘদিন ধরে চা দোকান পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে ফজরের
নামাজের সময় জাকির হাওলাদার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পরে সকালে তার নিজ
দোকানের ভেতরে আড়ার সঙ্গে গলায় মাপলার পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

সমিতির হাট বাজারের নাইটগার্ড আয়নাল হোসেন জানান, ফজরের আজানের সময় জাকির বাজারে এসে তার সঙ্গে কথা বলেন। এরপর তাকে দোকানের ভেতরে প্রবেশ করতে দেখেন তিনি।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজের পর জাকিরের
দোকানে চা খেতে আসি। আজ এসে দেখি দোকানের ঝাপ নামানো, কিন্তু দোকান খোলা হয়নি।কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঝাপের ফাঁক দিয়ে তাকালে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। পরে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি জাকির ভাইয়ের ঝুলন্ত লাশ।

বিজ্ঞাপন

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কালকিনি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission