লক্ষ্মীপুরের রায়পুরে বালির ভেতর পুঁতে রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন পাটোয়ারী রাস্তার মাথা এলাকা থেকে রায়পুর থানা পুলিশ মরদেহটি বালির নীচ থেকে উত্তোলন করে।
এর আগে সকালে স্থানীয় এক কৃষক বালির মধ্যে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উত্তোলন করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
হতভাগ্য ওই যুবকের নাম মো. সোহাগ(২২)। তিনি ওই এলাকার লালগাজী মিয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
কে বা কারা কি কারনে এই হত্যাকান্ড ঘটাতে পারে এই বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, নির্বাচনের দিন রাতে স্থানীয় মানুষজন তাকে একটি দোকানে চা খেতে দেখেছে। মরদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সোহাগের কোনো পূর্ব শত্রুতা, বিরোধ বা রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
আরটিভি/এমআই



