যশোরে স্যালাইন কিনে বাড়ি ফেরার সময় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হারেজ মোল্লা (৭০) বাউলিয়া গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে হারেজ মোল্লা বাউলিয়া বাজার থেকে স্যালাইন কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের রাস্তা পার হওয়ার সময় নড়াইল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, ঘাতক বাস ও তার চালককে আটকের চেষ্টা চলছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম




