বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ (৪২) মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে একটি ঢেউটিনের দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনে সড়কে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। অর্থাৎ তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরটিভি/আইএম




