রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে মাহতীর মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতীর মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পাম্পে পেট্রোল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাহতীর মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আরটিভি/আইএম




