এবার ট্রাংকে পাওয়া গেলো ‘মহামূল্যবান’ তেল

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৬:৪০ পিএম


এবার ট্রাংকে পাওয়া গেলো ‘মহামূল্যবান’ তেল
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের পেছনে দড়ি দিয়ে বাঁধা একটি ট্রাংক থেকে ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা এলাকায় মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে তেল জব্দের সময় মোটরসাইকেলচালক পালিয়ে যান। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলের পেছনে বাঁধা ট্রাংকের ভেতরে থাকা তিনটি জারে পেট্রোল বহন করা হচ্ছিল। সন্দেহজনকভাবে তেল পরিবহনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ট্রাংকটি আটক করেন। পরে দেখা যায়, সেখানে মোট ৫০ লিটার পেট্রোল রয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে গোপনে তেল কেনাবেচার একটি চক্র সক্রিয় থাকার অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, বোদা উপজেলার ‘সুবাহানাকা ফিলিং স্টেশন’ থেকে অসাধু উপায়ে তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি করে আসছে একটি চক্র। তাদের অভিযোগ, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম হাবিব।

বিজ্ঞাপন

প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা পেট্রোল পার্শ্ববর্তী একটি পাম্পে নিয়ে ফুয়েল কার্ডধারীদের কাছে বিক্রি করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ট্রাংকে তেল বহনের সময় এক ব্যক্তিকে আটক করেন। জব্দকৃত তেল বিক্রি করা হয়েছে। এটি সরকারি কোষাগারে জমা করা হবে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চোরাই ও কালোবাজারি তেল বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, জড়িত চক্রকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission