অভাবের তাড়নায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৭:৪৬ পিএম


অভাবের তাড়নায় মা-মেয়ের বিষপানে আত্মহত্যা
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপান করে এক মা তার মেয়েসহ আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ এপ্রিল) দিবা গত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তার মেয়ে রোকাইয়া (৫)। 

ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিলনা বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশিদিন তার সংসার টেকেনি। পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান। তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষপান করেন। এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখে মেয়ে ও নাতনি বিষ পান করেছে। এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দুজনেই মৃত্যুবরণ করেন। 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, লাশ দু’টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission