কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকদের মাঝে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। স্থানীয় স্বপন ট্রেডার্স নামে একটি পাম্পের সামনে তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুক্রবার (১০ এপ্রিল) থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাইকারদের।
তবে ওই লাইনের মধ্যেই সবচেয়ে বেশি নজর কাড়ে একটি ছোট চার্জারচালিত খেলনা মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার(১০ এপ্রিল) জুমার নামাজের পর নুর ইসলাম নামের এক বাইকার তার সিরিয়াল ধরে রাখার জন্য খেলনা মোটরসাইকেলটি লাইনে রেখে চলে যান।
ঘটনাটি মুহূর্তেই এলাকায় কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করে। অনেকেই বিষয়টি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন।
এ বিষয়ে নুর ইসলাম বলেন, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল নেওয়ার জন্য আপাতত বাচ্চাদের চার্জার মোটরসাইকেলটি রেখেছি। পরে নিজের মোটরসাইকেল নিয়ে এসে তেল নেব।
এদিকে তেল সংকটের কারণে এমন অভিনব কৌশল ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিস্থিতির চাপেই এমন অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়েছে, যা এলাকায় হাস্যরসের পাশাপাশি বিস্ময়ও ছড়িয়েছে।
আরটিভি/এসকে




