বরিশালের গৌরনদীতে এক মাদক কারবারির পুলিশের ভয়ে ইয়াবা গিলে ফেলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মাদক কারবারি সানোয়ার হোসেন (৩৫) মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সানোয়ার নামে ওই যুবককে সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু ধাওয়া দিয়ে আটক করলে, সঙ্গে থাকা ১০/১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন তিনি। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
আটক মাদক কারবারির কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে, যা এখনো গণনা করা হয়নি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমআই




