হবিগঞ্জের লাখাই উপজেলা-এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশকয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্বজনগ্রাম (আয়নারটুক) এলাকায় সরাজ মিয়ার বাড়ির সামনে ও ধান মাড়াইয়ের খলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান মাড়াই করা খলার উপর দিয়ে গরু যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এক পুলিশ সদস্য সামান্য আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
আরটিভি/এমএইচজে




