মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় শিশু আতিকা হত্যার অভিযোগ ঘিরে গণপিটুনি দিয়ে দুইজনকে হত্যা ও একজন গুরুতর আহত করে উত্তেজিত জনতা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নিহত আতিকার চাচা আলমাস হোসেন এবং ফুপু ঝর্ণা বেগম।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বনপারিল এলাকায় ৭ বছরের শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাঈম হোসেনকে এলাকাবাসী আটক করে আনলে তার দেওয়া তথ্যমতে ওই দিন রাত ৯টার দিকে শিশুটির মরদেহ পাশের ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হলে উত্তেজিত জনতা নাঈমসহ তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসে। পরে নাঈমের বাবা পান্নু মিয়া, ভাই নাজমুল ও চাচা ফজলুর রহমান বাবুকে বেধরক মারধর করে।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করলে পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে মৃত এবং নাজমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আমিনুল ইসলাম জানান, পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে হত্যা এবং নাজমুলকে গুরুতর আহত করার অভিযোগে নিহত পান্নু মিয়া স্ত্রী নার্গিস থানায় মামলা করেন। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




