ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৪:৪২ পিএম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (০১ মে) দুপুরে কাঁচপুর ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দেওয়ার পর এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে পড়েন চালক ও হেলপার। এ ঘটনায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক কাঁচপুর ব্রিজের ওপর পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি ব্রিজের মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো সামনের অংশে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এর পরই আগুনের সূত্রপাত ঘটে। দুর্ঘটনার পর চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission