রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল প্রজাতির একটি মালায়ন নাইট হিরন পাখি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে কাপ্তাইয়ের ব্যঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বন বিভাগের সদস্য ওসমান গণি। বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পাচারকারীরা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাখিটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া পাখিটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, মালায়ন নাইট হিরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা টাইগার বিটার্ন নামেও পরিচিত, দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের একটি বিরল বক প্রজাতির পাখি। এটি সাধারণত ঘন অরণ্যে বসবাস করে এবং বাংলাদেশের কাপ্তাই জাতীয় উদ্যান অঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আরটিভি/এসকে




