বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৫:৪১ পিএম


বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১
ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে সেলিম ফকির (৩৬) নামে এক ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতির পর পালানোর সময় তাকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। 

শুক্রবার (৮ মে) উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুই সঙ্গী নিয়ে সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করেন সেলিম ফকির। পরে তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেন। ডাকাতি শেষে পালানোর সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে ডাকাত দলের সদস্যদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিমের। তবে, অপর দুইজন পালিয়ে যায়।

আরও পড়ুন

ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুজন ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং আমার পরনে থাকা গয়নাও নিয়ে যায়। এতে আমি চিৎকার করি এবং প্রতিবেশীরা আমাদেরকে উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহত সেলিম পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় মোট ৯টি মামলা রয়েছে।

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission