যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার (৯ মে) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে তাকে মাদারীপুরে গ্রামের বাড়িতে দাদা–দাদীর কবরের পাশে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, বৃষ্টির মরদেহ গ্রহণে তার বাবা–মা ও পরিবারের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের পরই সেটি গ্রামের বাড়িতে নেওয়া হয়।
সেখানে আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা–দাদীর পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকালে মরদেহ ঢাকায় পৌঁছায়। ফ্লোরিডা থেকে গত বৃহস্পতিবার রাতে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
স্থানীয় সময় বুধবার (৬ মে) টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগেই দেশে আনা হয়েছে।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা হত্যার শিকার দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
আরটিভি/জেএমএ




