ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, আটক ১

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১০ মে ২০২৬ , ০৪:৫১ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, আটক ১
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১০ মে) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজয়নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গত শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে সিংগারবিল বিওপির টহলদল সীমান্ত পিলার ২০১৮/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মো. মামুন (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আটককৃতের কাছ থেকে ভারতীয় ১ হাজার ৯৮৮ পিস ইয়াবা, ৯৯ বোতল ইস্কফ সিরাপ, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে শনিবার (১০ মে) ভোর সাড়ে ৩টার দিকে বিজয়নগরের আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ৭৫০ প্যাকেট সিগারেট, ৩৫০ কেজি পোস্ত দানা, ২ হাজার ৮৫ পিস চকলেট, ১৬২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২ হাজার ৬৫৫ কেজি চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৩৯ লাখ ৯৩ হাজার ৫৯৫ টাকা।

একই দিন সকাল ৯টার দিকে ইব্রাহীমপুর এলাকায় আরেকটি অভিযানে ৩৫ বক্স ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা ও একটি পিকআপ আটক করা হয়। যার সিজার মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission