জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করা হচ্ছে: ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ০৭:৩২ পিএম


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করা হচ্ছে: ত্রাণমন্ত্রী
ছবি: আরটিভি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, একটি পক্ষ দেশে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের দলীয় এজেন্ডা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার করতে চাই, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।

রোববার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, ভিন্ন মতকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা বলি, সবার আগে বাংলাদেশ। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করতে চাই, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তবে বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের সময় যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তা বাদ দিয়ে বাস্তবায়ন করব। এটা পরিষ্কার হিসাব। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা যে চারটি বিষয়ে স্বাক্ষর করেছি, গণভোটে তার একটি পরিবর্তন করা হয়েছে। কাজেই আমরা গণভোটের পক্ষে নই। আমাদের দল জুলাই বিপ্লবের আগেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংস্কারের পক্ষে। জুলাই সনদে স্পষ্ট উল্লেখ ছিল যে, জনগণের রায় পেয়ে যে দল সরকার গঠন করবে, তারা নোট অব ডিসেন্টসহ তা বাস্তবায়ন করবে।

মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রামকে এখনো পশ্চাৎপদ জেলা হিসেবে দেখা হয়। এই জেলাকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যম—উভয়ের দায়িত্ব রয়েছে। সাংবাদিকেরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন। এতে দেশ ও জনপদের উন্নয়ন হয়।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে সাংবাদিকতার মান যেমন বাড়ে, তেমনি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।

তিনি আরও বলেন, একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ। অথচ নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা ছিল।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission