গভীর রাতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, যা জানা গেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ০৮:১৩ পিএম


গভীর রাতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, যা জানা গেল
বিস্ফোরিত ককটেল। ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে নাচোল থানা-পুলিশ।

শনিবার (৯ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ফতেপুরের ফুরশেদপুরের বিরেন বাজারসংলগ্ন রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুহুল আমিন অভিযোগ করে জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই এলাকার জয়নাল হাজারীর ছেলে সাগরের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে গভীর রাতে সাগর ও তার সহযোগীরা তার বাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকে।

হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাচোল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় বাড়ির উঠান থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission