ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক প্রবীর রায় (৩৬) ও হেলপার মো. জুয়েল (১৮)।
নিহত প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে। হেলপার জুয়েলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি মালবাহী কাভার্ডভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সামনের গাড়ির পেছনে ঢুকে যায় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে মরদেহদুটি উদ্ধার করে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে



