চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যপ্রাণীর মাংস ভাগাভাগি নিয়ে গোলাগুলির ঘটনায় দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ সুমন ওরাং (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক সুমন ওরাং ওই চা বাগানেরই একজন শ্রমিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুজানগর চা বাগানে বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের নিজেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার (১৬ মে) ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সুজানগর চা বাগানে অন্য একজনের ওপর অস্ত্র নিয়ে হামলার তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রাম পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রাম পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রটি পরে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, চা বাগান এলাকায় মূলত বন্যপ্রাণী শিকার করার উদ্দেশ্যেই তারা দেশীয় প্রযুক্তিতে এই আগ্নেয়াস্ত্র তৈরি করেছিলেন। শিকার করা পশুর মাংসের ভাগভাটোয়ারা ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারা এই অস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলিতে লিপ্ত হন।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে



