দিনাজপুরের হিলির জালালপুর এলাকায় নাজমুল হোসেন (২৭) নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলির জালালপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহত নাজমুল হোসেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বিরামপুর থেকে পরিচালিত বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস ‘আরাফাত ট্রেডিং’-এর মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, হিলির বিভিন্ন বাজারে বিকাশের লেনদেন শেষে টাকা কালেকশন করছিলেন নাজমুল। সন্ধ্যার দিকে তিনি হরিহরপুর বাজার থেকে ফেরার পথে জালালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে তার কাছাকাছি এসে হাতে ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে নাজমুল মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে নাজমুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ছিনতাইয়ের ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। আহত কর্মীর পরিবার ও ডিস্ট্রিবিউশন হাউসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের চিহ্নিত করে ছিনতাই করা টাকা উদ্ধার করা হবে।
আরটিভি/এমএইচজে



