চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠানে সড়ক দুর্ঘটনায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ২২ মে ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিএবি সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানি উপজেলার বড় উঠান ৯ নম্বর ওয়ার্ড মৌলভী বাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। সে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার দিন সকালে সানি বাইসাইকেল চালিয়ে কোচিংয়ে যাওয়ার পথে বড় উঠান রাস্তার মাথা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-২৭২৪) তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা হারানো সানি দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বড় ভাই প্রতিবন্ধী এবং মা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পিকআপের ধাক্কায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএস/এসএস



