রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে দাফনের মাত্র এক ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে হারুন অর রশিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। পরে শুক্রবার তার মরদেহ গ্রামের বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দাফন শেষে জানাজায় অংশ নেওয়া লোকজন চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানে প্রবেশ করে। তারা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এসময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কবরের ক্ষতচিহ্ন দেখতে পান।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য লাভলু মিয়া বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত এখনও জানি না।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে




