‘নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার’

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৬:৪৭ পিএম


‘নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার’
সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: আরটিভি

সরকার নতুন প্রজন্মের কাছে নজরুলকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সোমবার (২৫ মে) ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও বাঙালি সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতীক। বর্তমান সরকার জাতীয় সংস্কৃতির বিকাশে এবং নতুন প্রজন্মের কাছে নজরুলকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি “নজরুল সিটি” প্রতিষ্ঠার ঘোষণা এবং “নজরুল বর্ষ” পালনের উদ্যোগ গ্রহণ করেছেন। এতে দেশের সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ত্রিশালকে কেন্দ্র করে নজরুলের স্মৃতি, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুষলধারে বর্ষণের মধ্যেও আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্ষার এই দিনে যেন প্রকৃতিও বিদ্রোহী কবিকে স্মরণ করছে। নজরুলের সাহিত্য মানুষের হৃদয়ে মানবতা, প্রেম ও প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুদ্দিন, অধ্যাপক আজিজ আহমেদ সাদেক রেজা, অধ্যাপক দেলোয়ার হোসেন ও আলমগীর আহমেদ।

এর আগে সকালে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার। উদ্বোধনের আগে তিনি জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission