চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৮:৫৯ পিএম


চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদুল আজহা
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে আগাম ঈদের বিষয়ে সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামায়াত আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কাল বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। 

সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ। 

এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লী ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সাদ্রা দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সকল আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একইসাথে ঈদুল আজহা উদযাপন করেন।

যেসব গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission