দুই ডজন ফ্যামিলি কার্ড ও চালসহ আটক জামায়াত ধরা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১২:৫০ পিএম


দুই ডজন ফ্যামিলি কার্ড ও চালসহ আটক জামায়াত ধরা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ২৪ টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি চাল ঘরে তোলার সময় এক ইউনিয়ন জামায়াত নেতা জনতার হাতে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে সেগুলো স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন।

সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মমিনপুর বাজারে বসবাস করেন সাকিল শিকদার। রাতে কয়েকটি বস্তাভর্তি প্রায় ২৪০ কেজি চাল তার বাসায় তোলার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ২৪ জন টিসিবি পণ্য সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্ড ও চাল ৭ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য হাসানের জিম্মায় দেয়া হয়েছে। টিসিবির পণ্য রাতে দেয়া হয় না কিন্তু রাতে তারা কীভাবে চাল পেয়েছেন এই প্রশ্ন স্থানীয়দের।

এদিকে অভিযুক্ত সাকিল শিকদার দাবি করেন, আটকের ঘটনাটি বিরোধীদের সাজানো নাটক।

তিনি বলেন, আমার ছোট ভাই রাজিব ভাড়ায় মোটরসাইকেল চালায়। এক বছর ধরে টিসিবির সুবিধাভোগীরা রাজিবের মাধ্যমে পণ্য ক্রয় করে আসছেন। বিনিময়ে রাজিব সুবিধাভোগীদের কাছ থেকে ৩০ টাকা করে পায়। সোমবারও ২৪ জনের পণ্য ক্রয় করেছে সে। প্রথম গাড়িতে চাল নিয়ে আসার পর সেগুলো ঘরে তোলার সময় হঠাৎ কিছু লোক এসে ঝামেলার সৃষ্টি করে।
 
তার বাসায় কেন চাল তোলা হচ্ছিল এবং রাতে কেন আনা হয়েছে—এ বিষয়ে তিনি বলেন, সব পণ্য সুবিধাভোগীরা দিনের বেলায় নিয়ে যাবেন। রাতে নিরাপদে রাখার জন্য সেগুলো আমার বাসায় রাখার ব্যবস্থা করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission