পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ২ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।
এর আগে, গত রবিবার (২৪ মে) সকাল ৮ টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, যৌতুক হিসেবে আগে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। আবারো আমার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন টাকার জন্য চাপ দিলে এতে সাড়া না দেওয়ায় স্বামী ও তার বোন প্রায়ই আমাকে মারধর করেন। বিয়ের পর থেকেই প্রায়শই এমন নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় গিয়ে স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরটিভি/এসএস




