দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীনা আক্তার লিজা মনি (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার চেরাগপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা দিনাজপুরের পার্বর্তীপুর উপজেলার পাঠিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে ও একজন শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল কুদ্দুস বলেন, বাবার মোটরসাইকেলে করে ফুলবাড়িতে নানার বাড়িতে যাচ্ছিলেন লিজা। পথিমধ্যে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীনা আক্তার মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটকের পাশাপাশি ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম



