ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন এসএসসি পরীক্ষার্থী, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ  

রোববার, ৩১ মে ২০২৬ , ০৭:০৭ পিএম


ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন এসএসসি পরীক্ষার্থী, অতঃপর...
মো. সাজ্জিল। ছবি: আরটিভি

চাঁদপুর সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল (২০)।

রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের বাগিনা। তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়। ছোট বেলা থেকে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করেন। সে এ বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাই-বোনের মধ্যে জোহা ছোট।

আর আহত সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাইক নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন জোহা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই জোহা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission