মেহেরপুর সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি-গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৬:০৮ পিএম


মেহেরপুর সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি-গ্রামবাসী
ছবি: আরটিভি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

এ ঘটনায় শনিবার (৫ জুন) ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বিজিবি। এছাড়া তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ৬ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ শিশু রয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। তবে প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যান। কিন্তু বিএসএফ কাঁটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান।

এদিকে বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ করছে। তাদেরকে কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission