মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাজহারুল শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা।
জানা গেছে, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতিসহ অন্তত ১২টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুর মামলার প্রধান এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১০ জুন) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাজহারুলের বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএম




