দুই মাস পর বাড়ি ফিরলেন সীমান্তে আটক সেই বৃদ্ধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৬:৫০ পিএম


দুই মাস পর বাড়ি ফিরলেন সীমান্তে আটক সেই বৃদ্ধ
ছবি: আরটিভি

দুই মাস নিখোঁজের পরে জামালপুর বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে আটক ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টায় বকশীগঞ্জ থানা চত্বরে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনে কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া-কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেনসহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ভাইকে কাছে পেয়ে ভবানী চন্দ্র বর্মন আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, দুই মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। তিনি কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়টি তাদের জানা নেই।

বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ দিয়ে জোর করে ষষ্ঠী চন্দ্র বর্মনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তিনি শূন্য রেখায় অবস্থান নেন। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়।

দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শূন্য রেখা থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বিজিবি সীমান্ত থেকে উদ্ধার করে ষষ্ঠী চন্দ্র বর্মনকে তাদের কাছে সোপর্দ করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission