পাবনার ঈশ্বরদীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন খালুর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ঈশ্বরদী পৌরসভার দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রানা (৪০) ওই এলাকার বাবুর আলীর ছেলে এবং ধর্ষণের শিকার শিশুর আপন খালু।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়েরের পর মামলা রেকর্ড করা হয়েছে। পরে ধর্ষককে গ্রেপ্তার করে শুক্রবার (১২ জুন) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুর মা ঈশ্বরদী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তার বড় বোনের ভাড়া বাড়িতে তার মেয়েকে রেখে তিনি কর্মস্থলে চলে যান। ওইদিন বিকেলে তার বড় বোন তার মেয়েকে তাদের শোবার ঘরে ঘুম পাড়িয়ে রেখে গোসল করতে যান। এ সময় তার বড় বোনের স্বামী রানা ওই শিশু মেয়েকে ধর্ষণ করেন। পরে তিনি বিকেলে কর্মস্থল থেকে ফিরে এসে তার বড় বোনের মুখে সবকিছু শুনে ঈশ্বরদী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম



