নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে ডুবে প্রাণ গেছে একই পরিবারের তিনজনের।
শনিবার (১৩ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে সুরাইয়া (১২)। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়া থাকতেন। রাশেদুজ্জামান হলেন গালিব ও সুরাইয়ার ভগ্নিপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। প্রথমে তারা লেকে নির্মিত ঘাট থেকে ডুবসাঁতার দিয়ে একপাশ থেকে অন্যপাশে যান। ফিরে আসার সময় ডুব দেওয়ার পর প্রায় আধা ঘণ্টা পার হলেও তারা আর পানির নিচ থেকে ভেসে ওঠেননি। পরে পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের কাজ শুরু করে। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় শ্যালিকা সুরাইয়ার মরদেহ।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিকেল ৫টার দিকে দুজন ও ৬টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরটিভি/এসএইচএম




