নওগাঁর পত্নীতলা উপজেলায় সাপের কামড়, বজ্রপাত ও পানিতে ডুবে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার পৃথক তিন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার দিবর ইউনিয়নের চকসহবত (ইটাপুকুর) গ্রামের মকবুল হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৬০) সাপের কামড়ে, ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর (দক্ষিণপাড়া) গ্রামের শফি মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৪০) বজ্রপাতে ও একই ইউনিয়নের ঘোষনগর উচ্চপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে প্রতিবন্ধী আম্বিয়া খাতুন (৩৫) পানিতে ডুবে মারা যান।
পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, তিনটি মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিহত তিন পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
তিনি বলেন, এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
এদিকে একদিনে তিনজনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/আইএম




