ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা দুটি মোবাইল ফোন চাপাচাপির সময় বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান নামে এক স্টক লট ব্যবসায়ীর শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়।
শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার রশিদ মার্কেট-সংলগ্ন এলাকায় আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়ার ১০ নম্বর গোপালিয়া ইউনিয়নের সিদ্দিক ভেন্ডার এলাকার বাসিন্দা। তিনি রশিদ মার্কেট-সংলগ্ন এলাকায় আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
এ বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, মিজান আলীমের বাসার নিচতলার একটি পকেট রুমে ভাড়া থেকে ব্যবসা করতেন। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় তিনি ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তার কক্ষের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন।
স্থানীয়রা আরও জানান, কক্ষে থাকা আসবাবপত্রের কিছু অংশ বিস্ফোরণ ও আগুনে পুড়ে যায়। মোবাইল ফোনের পোড়া কিছু অংশও কক্ষের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বারান্দায় একটি সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া যায়। দ্রুত সেটি বাইরে সরিয়ে রাখা হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, মিজান দুটি মোবাইল ফোন ব্যবহার করতেন—একটি আইফোন, অন্যটির নাম জানা যায়নি। দুটি মোবাইল চার্জে রেখে চাপাচাপি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে। এ ঘটনায় তাঁর শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়।
এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মামুন হোসেন জানান, আমাদের কেউ ফোন দেয়নি। এই ঘটনার বিষয়ে আমাদের জানা নেই।
আরটিভি/টিআর




