চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১০:২১ এএম


চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ায় চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

রোববার (১৪ জুন) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন এবং বেলাল উদ্দিন সরকার তুহিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিসীম অবদান রাখে। ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবসমাজ খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী, যা একটি ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বালিকা দল আন্তঃস্কুল ক্রিকেটে জেলার চ্যাম্পিয়ন এবং ফুটবলে রানার্সআপ হয়ে যে সাফল্য অর্জন করেছে, তা পুরো আখাউড়া উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হবে।

আরও পড়ুন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ আনন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আখাউড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission