পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুত্রবধূর পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় শাশুড়িকে হত্যার ঘটনায় প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল পরদিন ইন্দুরকানী থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরপরই নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল (৩২) এবং তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামি কামাল পঞ্চায়েত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী পাল ও কামাল পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিষয়ে শাশুড়ি নমিতা রানী পাল আপত্তি জানিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেললে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে কামাল পঞ্চায়েত বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান জানান, র্যাব-৮ সদস্যরা ভাণ্ডারিয়া উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরটিভি/এসকে



