আর্জেন্টিনার জার্সি পরে স্বাস্থ্য পরীক্ষায় মিলছে ৫০ শতাংশ ছাড়

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৭:০১ পিএম


আর্জেন্টিনার জার্সি পরে স্বাস্থ্য পরীক্ষায় মিলছে ৫০ শতাংশ ছাড়
ছবি: আরটিভি

ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এখন সরগরম লক্ষ্মীপুর। জেলার বিভিন্ন উপজেলা, শহর ও গ্রামীণ এলাকায় প্রিয় দলের সমর্থনে চলছে নানা আয়োজন। কোথাও বের হচ্ছে আনন্দ মিছিল, কোথাও টানানো হচ্ছে প্রিয় দলের খেলোয়াড়দের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পতাকা। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালসহ বিভিন্ন দলের সমর্থকরা নিজ নিজ দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত সময় পার করছেন।

জেলার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপকে ঘিরে সাজসজ্জা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমর্থকদের প্রচারণা ও দলীয় উচ্ছ্বাস।

বিশ্বকাপের এই উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার। শহরের ন্যাশনাল কিডনি ডায়ালাসিস ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, আর্জেন্টিনা দলের জার্সি পরে ডায়াগনস্টিক পরীক্ষা করাতে আসা গ্রাহকদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত এই বিশেষ অফার চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল ইসলাম বলেন, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের জায়গা। সেই আবেগের সঙ্গে স্বাস্থ্যসচেতনতাকে যুক্ত করতেই আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি। আশা করছি, এতে মানুষ যেমন আনন্দ পাবে, তেমনি স্বাস্থ্য পরীক্ষার প্রতিও আগ্রহী হবে।

সেবা নিতে আসা আর্জেন্টিনা সমর্থক জাকির আহমেদ বলেন, ফুটবল আর স্বাস্থ্যসেবাকে একসঙ্গে যুক্ত করার বিষয়টি ব্যতিক্রমী লেগেছে। এ ধরনের উদ্যোগ মানুষকে স্বাস্থ্য সচেতন করতেও ভূমিকা রাখবে।

এদিকে বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জ উপজেলায় দেখা গেছে আরও এক ব্যতিক্রমী চিত্র। উপজেলার দক্ষিণ আঙ্গারপাড়া এলাকার বড় দাস বাড়ির বাসিন্দা ও দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিমুল কান্তি দাস নিজের বসতবাড়িকে ব্রাজিলের জাতীয় পতাকার আদলে সবুজ-হলুদ রঙে সাজিয়েছেন।

উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বাড়িটি দেখছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

আরও পড়ুন

স্থানীয়রা বলছেন, এটি শুধু ফুটবলপ্রেমের বহিঃপ্রকাশ নয়, বরং এক সৃজনশীল উদ্যোগ। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন রামগঞ্জে নতুন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে লক্ষ্মীপুরজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দলের সমর্থনে ব্যানার-ফেস্টুন, পতাকা, বিশেষ অফার এবং ব্যতিক্রমী সাজসজ্জা ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission