গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় ভোলায় মাথা ন্যাড়া করলেন হৃদয় হাসান (২৮) নামে এক ব্রাজিলের সমর্থক। মাথা ন্যাড়া করার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন তিনি।
বুধবার (১৭ জুন) সকালে হর্ড হার্ডিঞ্জ বাজারে একটি সেলুনে গিয়ে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সামনে এমন কাণ্ড ঘটান তিনি।
হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার হর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হর্ড হার্ডিঞ্জ বাজার সংলগ্ন এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি ওই বাজারে কম্পিটারের ব্যবসা করেন বলে জানা গেছে।
হৃদয় হোসাইন জানান, তিনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্টে ঘোষণা দেন, বুধবার সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা নাড়া করবেন। বন্ধুদের সামনেও লিখিতভাবে প্রতিশ্রুতি দেন তিনি। পরে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে আসেন এবং বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।
তিনি বলেন, আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে।
বুধবার সকালে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেন অধিনায়ক লিওনেল মেসি। করেন ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকও। তার নেতৃত্বে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
এদিকে মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার দুই সমর্থক ব্রাজিল ভক্ত হৃদয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছেন। অনেকেই আবার সেই ব্রাজিল ভক্তের প্রশংসা করছেন কথা রাখার জন্য, আবার কেউ বিষয়টিকে হাস্যরসের খোরাক হিসেবে দেখছেন।
আরটিভি/টিআর




