টিটিসিতে জব ফেয়ার: চাকরি পেলেন প্রায় ৮০ জন

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:৪১ পিএম


টিটিসিতে জব ফেয়ার: চাকরি পেলেন প্রায় ৮০ জন চাকরিপ্রত্যাশী
ছবি: সংগ্রহীত

ফেনীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জব ফেয়ার। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আয়োজিত এ জব ফেয়ারে চাকরি পেয়েছেন প্রায় ৮০ জন চাকরিপ্রত্যাশী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক মনিরা হক। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক এবং রিকের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন। তিনি বলেন, কারিগরি শিক্ষার মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা এবং তাদের কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করা। জব ফেয়ার সেই লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে।

জব ফেয়ারে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং দুইজন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন এবং নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পান।

আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং চাকরিদাতাদের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদে তাৎক্ষণিক নিয়োগের পাশাপাশি ভবিষ্যৎ নিয়োগের জন্যও জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে।

অংশগ্রহণকারীরা জানান, এক ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। অনেকেই তাৎক্ষণিকভাবে চাকরির নিশ্চয়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

দক্ষতা, কর্মসংস্থান এবং সম্ভাবনার সমন্বয়ে ফেনী টিটিসিতে অনুষ্ঠিত এ জব ফেয়ার তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission