সোনা ভেবে রুপার দোকানে ঢুকল চোর, অতঃপর...

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১:১৮ এএম


সোনা ভেবে রুপার দোকানে ঢুকল চোর, অতঃপর...
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে গহনার দোকানে চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরার অ্যালার্মে ধরা পড়েছে এক চোর চক্রের সদস্য। তবে চোর ভুল করে রুপার দোকানে ঢুকেছিল।

বুধবার (২৪ জুন) সকালে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি রোডের স্বর্ণপট্টিতে উষা জুয়েলার্সের একটি দোকানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নরসিংদী এলাকার একটি চোর চক্র সুনামগঞ্জ শহরের কালীবাড়ি রোডের স্বর্ণ পট্টির উষা জুয়েলার্সের একটি দোকানের তালা ভেঙে ফেলে। চক্রের সদস্য ৫ জন থাকলেও একজনকে ভেতরে ঢুকিয়ে চারজন বাহিরে পাহারাদারের ভূমিকা পালন করে। যা দোকানের বাহিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। 

এদিকে চোর দোকানে ঢুকার পরপরই দোকান মালিক শুভ বণিকের মোবাইল ফোনে সিসিটিভি ক্যামেরা থেকে অ্যালার্ম বেজে ওঠে। পরে বিষয়টি সদর থানায় জানালে পুলিশ দোকানের ভেতর থেকে একজনকে আটক করে।

আটক ব্যক্তি জানিয়েছে তার নাম বিল্লাল, বাড়ি নরসিংদী। তবে পুলিশের ধারণা তিনি সঠিক পরিচয় জানাননি।

কালীবাড়ি রোডের ও মন্দিরের পাশের উত্তম জলযোগের মালিক প্রদীপ পাল বলেন, দিনদুপুরে দলবেঁধে লুঙ্গি দিয়ে আড়াল করে দোকানের তালা ভাঙার ঘটনা আগে সুনামগঞ্জে ঘটেনি। ফেসবুকে দেখেছিলাম কিন্তু আজ বাস্তবেই দেখা গেলো শহরের ব্যস্ততম সড়কের পাশে কীভাবে এত সময়ে চোরেরা তালা ভেঙে দোকানে ঢুকে পড়ে। সিসিটিভি ক্যামেরার অ্যালার্ম না বাজলে চোর নিরাপদে চলে যেত।

আরও পড়ুন

উষা জুয়েলার্সের মালিক শুভ বণিকের কাকা বিমল বণিক বলেন, পাশাপাশি দুটি দোকানের মধ্যে যেটিতে চোর ঢুকেছিল এটি রুপার। দোকানে ১০-১২ লাখ টাকার রুপার অলংকার ছিল। দোকানের সিসিটিভি ক্যামেরা থেকে মোবাইল ফোনে অ্যালার্ম বেজে ওঠায় চোর শনাক্ত হয় এবং সাথে সাথে বিষয়টি আমরা থানায় জানাই। পরে পুলিশ দোকানের ভেতর থেকে চোরকে আটক করেছে। সিসিটিভি ক্যামেরা থাকায় চোর ধরা পড়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দোকান মালিকের সচেতনতায় সিসিটিভি ক্যামেরার অ্যালার্মের কারণে চুরি রোধ হয়েছে এবং চোর ধরা পড়েছে। চোর চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করা হয়েছে এবং আটকের চেষ্টা চলছে। আটক চোরের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission