পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ০১:২০ পিএম


পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা
ছবি: আরটিভি

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজের ৮ মাসের সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে বেঁধে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হুমায়ুন আহমেদ (২৫) এবং শ্রাবন্তী (২০) দম্পতি খাবার খেয়ে তাদের ৮ মাস বয়সী একমাত্র সন্তান শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে ঘুম ভাঙে হুমায়ুনের। কিন্তু, চোখ খুলে স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পায় শিশু শাওনকে এবং সেখানেই শিশু শাওনের মা শ্রাবন্তীকেও দেখতে পায়। পরে হুমায়ুনের স্বজনরা ওই শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। পরে থানা পুলিশ পুকুর থেকে শিশুর মরদেহ ও শ্রাবন্তীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

শ্রাবন্তীর স্বামী হুমায়ুন আহমেদ বলেন, এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছিল। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করেছে। এর আগেও ওরে নিয়ে কয়েকবার বিচার সালিস হয়েছে। সেই আমার ছেলেকে মেরে ফেলছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission