ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ/২০২৬-২৭ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন উফশী সবজি এবং ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আখাউড়া উপজেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৪৪ জন কৃষকের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। ৫০ জন কৃষক পাচ্ছেন ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক। এছাড়া ৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে ২৬৪ জন কৃষককে পাঁচটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা, ৪০ কেজি জৈব সার এবং পাঁচটি বাঁশের খুঁটি দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৮ কেজি জৈব সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে ইউএনও তাপসী রাবেয়া বলেন, কৃষি অফিসের কঠোর তত্ত্বাবধানে প্রকৃত ও যোগ্য ক্ষুদ্র কৃষকদের তালিকা প্রণয়ন করে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সরকারি সহায়তার সর্বোচ্চ সুফল নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে



