সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩) নামের এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে যাচ্ছে।
ডা. সুব্রত সাহা বিকাশ তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধুর মধ্যে তিনজন গোসল করতে নদীতে নামেন।
এক পর্যায়ে তারা সাঁতার কাটতে কাটতে নদীর প্রবল স্রোতে চলে যান। এ সময় দুজন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা বিকাশ স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম বলেন, ‘সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আরটিভি/ এসকেডি



