ফুটবল বিশ্বে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও চাঞ্চল্যকর ‘সমর্থক ট্রান্সফার’। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক সজিব আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবির ত্যাগ করে আর্জেন্টিনা সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। আর এই যোগদানের ঘটনাকে স্মরণীয় করতে তিনি দুধ দিয়ে গোসল করে নতুন দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের প্রতি গভীর আবেগ থেকেই সজিব এই সিদ্ধান্ত নেন। এ সময় আর্জেন্টিনার দুই সমর্থক তার পাশে উপস্থিত ছিলেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
দুধ দিয়ে গোসল সম্পন্ন করার পর তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সি পরিবর্তন করে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। এতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ বিষয়ে সজিব আহম্মেদ বলেন, অনেক চিন্তা-ভাবনা করে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম। ২০২২ সালে তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আমার এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে।
এদিকে, তার এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ এটিকে বছরের সবচেয়ে বড় ‘ফুটবল ট্রান্সফার’ বলে অভিহিত করেছেন।
আরটিভি/টিআর




