রংপুরের তারাগঞ্জের তিস্তা সেচ ক্যানেলের ধারে একটি পচে-গলে যাওয়া মরদেহ ও মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে খবর পেয়ে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহ ও মানুষের মাথার খুলি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কোনো ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে দীর্ঘদিন আগে মরদেহটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারের জমিতে কয়েকজন কৃষক কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে তারা তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে কৃষকরা সেচ ক্যানেলের দিকে এগিয়ে গেলে প্রথমে একটি বিচ্ছিন্ন মাথার খুলি এবং পরে শরীরের অবশিষ্টাংশ ও পচে-গলে যাওয়া কঙ্কাল দেখতে পান।
খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ বিকেল ৫টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মাথার খুলিটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মরদেহটি এতটাই পচে-গলে গেছে যে চেনার কোনো উপায় নেই। জনমানবহীন এই সেচ ক্যানেলের ধারে অপরাধীরা হয়তো অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি সেখানে লুকিয়ে রেখেছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ এবং মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
আরটিভি/টিআর




