নির্যাতন সইতে না পেরে থানায় গেলেন বৃদ্ধ বাবা-মা

আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:৩২ পিএম


নির্যাতন সইতে না পেরে থানায় বৃদ্ধ বাবা-মা
দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার সাাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে ও তার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন

ওসি মনসুর আহাম্মদের নেতৃত্ব ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ভুক্তভোগী লুৎপুন্নহর ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করলে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছি। পরে আকরামুল ইসলামকে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামুল ইসলামকে তিনমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 
আরটিভি/ এসকেডি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission